
ধর্মপাশা প্রতিনিধিঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাহমুদপুর-কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মোহাম্মদ ফজলুর রহিম কাজল (৫০) কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন দাবি করে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে সোমবার বেলা দুইটার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষজন অংশ নেয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো ,শিক্ষানুরাগী ও সাবেক ফুটবলার খায়রুল বশর ঠাকুর খান, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন শাহ, সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সোনা মিয়া, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হামিদুল ইসলাম রতন, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন,সাবেক সেনাসদস্যের বড় ভাই ফজলুল করিম বুলবুল প্রমুখ। গত বুধবার (৭অক্টোবর) সকাল নয়টার দিকে সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফজলুর রহিম কাজল পাশের নওধার গ্রামে সৌর বিদ্যুৎ প্ল্যান্টের অস্থায়ী কার্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর গত শুক্রবার (৯অক্টোবর) সকাল নয়টার দিকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের সামনে থাকা নির্জন স্থানে একটি বকুল গাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁছানো ও ডালের ওপর হাত পা ছড়ানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।
সাবেক সেনাসদস্যের বড় ভাই উপজেলার সলপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক ফজলুল করিম বুলবুল (৫৭) কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নেত্রকোনার মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন,লাশের ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা