শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা উত্তর(সাভার)প্রতিনিধি :
পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে সাভারে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এ সকল কারখানা পরিচালনা করায় কারখানাগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধের নির্দেশ দেন ও এর মালিকদের মোট চার লক্ষ টাকা জরিমানা করেন।
আজ (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হাড়ুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীরা। যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হলো। ম্যাজিস্ট্রেট আরো জানান, সাভার উপজেলাকে ইতিমধ্যে এয়ার ডি গ্রেডেড এরিয়া ঘোষণা করা হয়েছে যার প্রেক্ষিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে এ সময় পুলিশ প্রশাসন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা