
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:শিক্ষা ও সহমর্মিতার বিশেষ বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একমাত্র বিদ্যাপীঠ ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনন্দশালা প্রাঙ্গণে সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম বলেন, উন্নত বিশ্বে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়ে থাকে। আমাদের বর্তমান সরকারও সামাজিক সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন এবং অঙ্গীকারবদ্ধ। শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সার্বিক কল্যাণে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তিনি আরও যুক্ত করেন, সরকারের অনুসৃত এ নীতির আলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনন্দশালার সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সর্বাত্মকভাবে কাজ করে যাবে। বক্তব্য শেষে উপাচার্য আনন্দশালার শিক্ষক-শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি আনন্দশালার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোঃ শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, আনন্দশালার অনারারি পরিচালক অধ্যাপক ড. রুমানা রইছ, আইবিএ-জেইউ পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, আইবিএ-জেইউ’র অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ এমদাদুল ইসলাম এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়েই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে এমন ব্যতিক্রমী প্রতিষ্ঠান চালু রয়েছে। ২০০৯ সালের ২৮ অক্টোবর মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে আনন্দশালার পথচলা শুরু হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৫ জন শিশু নিয়মিত শিক্ষা ও বিকাশমূলক প্রশিক্ষণ গ্রহণ করছে, যাদের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন ৬ জন শিক্ষক।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা