
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় অপহরণের শিকার আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আলহাজ্ব আব্দুল রশিদ মডেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার রাস্তা থেকে অপহৃত হয় শিশু সায়িম (৮)। সে পলাশবাড়ী এলাকার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। পরবর্তীতে অজ্ঞাতনামা বিবাদীরা ইমু (Imo) অ্যাকাউন্টের মাধ্যমে মেসেজ পাঠিয়ে ভিকটিমের পরিবারের কাছে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। দাবীকৃত টাকা না দিলে অপহৃত শিশুকে মেরে ফেলার অনবরত হুমকি প্রদান করতে থাকে তারা।
এ ঘটনায় অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় (০৪ অক্টোবর) একটি মামলা রুজু করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আশুলিয়া থানার একটি চৌকস টিম গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ভালুকা থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ৬ অক্টোবর সকালে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু সায়িমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ নাদিম হাসান হৃদয় (৩৩) (মূলহোতা), পিতা: মৃত আঃ গফুর, সাং- নেত্রকা, থানা: পাগলা, জেলা: ময়মনসিংহ। বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ। ও নাজিমা আক্তার (৩১) (নাদিম হাসান হৃদয়ের ২য় স্ত্রী), পিতা: মোবারক হোসেন খান, সাং- কংচনগর (খান বাড়ী), থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা। বর্তমান ঠিকানা: কাঠালী কানামার্কেট, থানা: ভালুকা, জেলা: ময়মনসিংহ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা