মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ পৃথক দুই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সাথে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, চাপাতি ও বাঁশের লাঠি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ১৬ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকার দেলোয়ার হোসেন মিন্টুর অফিসের সামনে এসআই মোঃ ছাইয়েদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ মোঃ কামাল সরদার (৪৮) এবং মানিক সরকার (১৯) নামে দুইজনকে আটক করে।
আটককৃত আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয়:
মো: কামাল সরদার (৪৮): জাল ১,০০০ টাকার নোট ২০০টি (সর্বমোট ২,০০,০০০/- টাকা), জাল ৫০০ টাকার নোট ৬১১টি (সর্বমোট ৩,০৫, ৫০০/- টাকা), জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি এবং একটি পুরানো কালো রঙের হোন্ডা মোটরসাইকেল।
মানিক সরকার (১৯): ১০০ টাকার জাল নোট ৭২৩টি (সর্বমোট ৭২,৩০০/- টাকা) এবং ৫০ টাকার ২৬টি জাল নোট (সর্বমোট ১,৩০০/- টাকা)।
অভিযানে উদ্ধারকৃত সর্বমোট ৫,৭৯,১০০/- (পাঁচ লক্ষ উনআশি হাজার একশত) টাকার জাল নোট জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(এ) ধারায় আশুলিয়া থানায় মামলা (মামলা নং-৭৯, তারিখ- ১৭ অক্টোবর ২০২৬) রুজু করা হয়েছে।
অন্য এক অভিযানে, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে সিলভার রঙের একটি হাইয়েস গাড়ি নিয়ে অবস্থানকালে ডাকাত দলকে গ্রেপ্তার করা হয়। এসআই মোঃ শফিউল আলম সোহাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ রায়হান মাতুব্বর (২৬), মোঃ আলতাফ হোসেন (৪০) ও মোঃ মোখলেসুর রহমান ওরফে মোখলেস (৩২)।
গ্রেপ্তারকৃতদের থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১টি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস এবং গাড়ির ভেতরে রাখা০২টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামীদের ১ দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম আরো জানান, আশুলিয়া থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা