
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের টানটান উত্তেজনার মধ্য দিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘মোহনপুর বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট (সিজন-২, ২০২৬)’-এর ফাইনাল খেলা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাথালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ফাইনালে ইসলামনগর রনি একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লায়ন্স অব ডিগ্রীরটেক।
পাথালিয়া ইউনিয়নের দুটি শক্তিশালী দলের মধ্যকার এই ফাইনাল ম্যাচ ঘিরে দুপুর থেকেই সদরপুর মাঠের চারপাশে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় জমে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রাণবন্ত ধারাভাষ্য আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লায়ন্স অব ডিগ্রীরটেক। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও আসন্ন পাথালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাছেদ দেওয়ান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ বাছেদ দেওয়ান বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং চমৎকার এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক মোহনপুর বয়েজ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সমাজে মোবাইল আসক্তি ও মাদকদ্রব্য তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমরা চাই যুবসমাজ মোবাইল ও মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসুক। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। আয়োজক ক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, মোহনপুর বয়েজ ক্লাবের সরকারি রেজিস্ট্রেশন সম্পন্ন করা, ক্লাবের আগামী দিনের যেকোনো সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী প্রদান করে তিনি সবসময় তাদের পাশে থাকবেন।
এছাড়া পাথালিয়া ইউনিয়নবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করে বাছেদ দেওয়ান বলেন, পাথালিয়া ইউনিয়নবাসীকে আমি সবসময় ভালোবাসি। বিগত দিনে নানান প্রতিকূলতার মাঝেও আপনাদের আপদ-বিপদে যেভাবে পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব দেওয়ান রকি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল, আশুলিয়া থানা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক শরীফুল আলম দিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী নেতৃবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা