মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :আজ (১৪ নভেম্বর) শুক্রবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভোর ৫টার দিকে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে কতিপয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পিকআপটি সম্পূর্ণ ভস্মীভূত হতে দেখতে পায়।
আজ সকালে এ তথ্য নিশ্চিত করে ফায়ার স্টেশন কর্মকর্তা আবু সায়েম মাসুম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, ভোর পাঁচটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট সংলগ্ন মেডলার গার্মেন্টস এলাকায় একটি পার্কিং করা পিকআপ ভ্যানে আগুন দেয় মোটরসাইকেল যোগে আসা দুই যুবক। তাঁরা পিকআপের চালকের আসনের অংশটিতে পেট্রল ঢেলে আগুন আগুন লাগিয়ে দেয়। দুর্বৃত্তরা পিকআপটিতে আগুন লাগিয়ে দ্রুতই স্থান ত্যাগ করে চলে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান এই স্টেশন কর্মকর্তা । পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নির্বাপন করা হয়। তবে ভস্মীভূত হয় পুরো পিকআপটি।
এ ঘটনায় সাভার-আশুলিয়া অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আজও সড়কের বিভিন্ন জায়গায় পুলিশী অভিযান চলছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা