মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এবং আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। সোমবার (০২ মার্সচ) থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েকশ অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক দুটি দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতি বছর ঈদের সময় এই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হকারদের দখলের কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জনভোগান্তি কমাতে এবার আগেভাগেই সক্রিয় হয়েছে প্রশাসন।
এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে এসব অবৈধ দোকানের কারণে যানজট সৃষ্টি হয়। ঈদে যানজট নিরসনে সাভার উপজেলার ৬টি গুরুত্বপূর্ণ স্পটে পর্যায়ক্রমে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকা দিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি।
এদিকে এ অভিযান চলাকালে উচ্ছেদকৃত হকারদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, আগে থেকে কোনো প্রকার নোটিশ বা সময় না দিয়েই হঠাৎ এই অভিযান শুরু করা হয়েছে। এর ফলে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ না পাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
নোটিশ না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও সাইফুল ইসলাম বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, নোটিশ দিয়ে অভিযান চালাতে গেলে হকাররা সংঘবদ্ধ হয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। জনস্বার্থে এবং রাস্তার শৃঙ্খলা ফেরাতে তাই এই ঝটিকা অভিযান চালানো হয়েছে।
সাধারণ জনগণ জানান, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ পথচারী ও চালকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে স্থানীয়দের দাবি, উচ্ছেদের কয়েক দিন পরই হকাররা আবারও রাস্তা দখল করে বসে। তাই মহাসড়ক যানজটমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা