আমজাদ হোসেন,কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনী সমীকরণ। সদ্য বিএনপির সমর্থন পাওয়া গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনের ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগে নেমেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।
এই ঘটনাকে কেন্দ্র করে দেবিদ্বার রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ও বিশ্লেষণ।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, কুমিল্লা-৪ আসন বর্তমানে শুধু দেবিদ্বার নয়—বরং পুরো দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর প্রধান কারণ, এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের প্রার্থী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এর আগে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ব্যাংক ঋণখেলাপি সংক্রান্ত মামলায় মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্ট তার রিট আবেদন খারিজ করলে কার্যত এই আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ে।
এরপর থেকেই বিএনপির রাজনৈতিক কৌশল কী হবে—তা নিয়ে নানা জল্পনা চলছিল।
সেই জল্পনার অবসান ঘটে সম্প্রতি, যখন বিএনপি প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রাক প্রতীকে ভোট চেয়ে মাঠে নামা এএফএম তারেক মুন্সির গণসংযোগকে অনেকেই দেখছেন বিএনপির নীরব কিন্তু পরিকল্পিত রাজনৈতিক চাল হিসেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরাসরি প্রার্থী না থাকলেও দেবিদ্বার আসন ছেড়ে দিতে নারাজ। ফলে বিকল্প শক্তিকে সমর্থন দিয়ে তারা মাঠে নিজেদের সংগঠন ও ভোটব্যাংক সক্রিয় রাখার কৌশল নিয়েছে। এতে করে হাসনাত আবদুল্লাহর ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে থাকা প্রচারণায় বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, হাসনাত আবদুল্লাহ ইতোমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট, দুর্নীতিমুক্ত রাজনীতি ও চাঁদাবাজি-ব্যাংক লুটের বিরোধিতা করে ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন। তার উঠান বৈঠক, গণমিছিল ও পদযাত্রা দেবিদ্বারের গ্রাম থেকে গ্রামান্তরে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ ভোটার ও সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা দৃশ্যমান।
তবে বিএনপির এই নতুন অবস্থান দেবিদ্বার নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠছে—এই নীরব সমর্থন শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে?
একদিকে শাপলা কলি, অন্যদিকে ট্রাক—এই দুই প্রতীকের লড়াইয়ে দেবিদ্বার এখন কার্যত একটি হাই-ভোল্টেজ রাজনৈতিক পরীক্ষাগার।
সব মিলিয়ে বলা যায়, মনোনয়ন বাতিলের পরও বিএনপি কুমিল্লা-৪ আসনে প্রভাব বিস্তার করতে চাইছে বিকল্প কৌশলে। আর সেই কৌশলের কেন্দ্রে এখন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। এর বিপরীতে, হাসনাত আবদুল্লাহর জন্য এই আসন ধরে রাখা এখন আগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে—এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা