আমজাদ হোসেন (কুমিল্লা):জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণ যদি তাদের নির্বাচিত করে, তবে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। কুমিল্লা বিভাগের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে—এখন কেবল রাজনৈতিক ঘোষণার অপেক্ষা।
বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘গণভোটের পক্ষে পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই—আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, তাহলে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। এর বাইরে আর কোনো বিকল্প পথ নেই।”
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গত ১৫ বছর ক্ষমতায় থাকা অবস্থায় কুমিল্লার উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
“আমি দায়িত্বে থাকার সময় আমাদের ওপর নানা সীমাবদ্ধতা ছিল। তবুও কুমিল্লার উন্নয়নের জন্য কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ করার জন্য গত দেড় বছরে যে প্রক্রিয়া প্রয়োজন ছিল, তার সবই শেষ হয়েছে। এখন শুধু একটি রাজনৈতিক ঘোষণা দরকার,”—বলেন তিনি।
তিনি আরও বলেন,
“কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা না করে অন্য কোনো উপায়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। কুমিল্লাবাসীর সঙ্গে আর প্রতারণা নয়।”
দেবিদ্বারের ‘নির্বাচনী মুক্তিযুদ্ধ’ শীর্ষক এই পদযাত্রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে অবহেলিত।
“যেখানে কুমিল্লায় কাজ শুরু হয়েছিল, সেখানে কাজ শেষ না করেই সব কিছু থেমে গেছে। মানুষের আস্থা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই ভাঙা আস্থা পুনরুদ্ধার করতে চাই।”
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশ দেখেছে ভোটাধিকার হরণ, দুর্নীতি, চাঁদাবাজি, দমন-পীড়ন ও লুটপাটের রাজনীতি।
“গত ১৭ মাসে আমরা ক্ষমতায় না থেকেও জনগণের পাশে দাঁড়িয়েছি। এই অভিজ্ঞতা থেকেই আমরা বলছি—ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য অধিকার।
পদযাত্রা শেষে নেতারা গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা