
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ‘বড় আয়োজনের’ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রখ্যাত এই নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বড় পরিসরে পালনের জন্য দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বৈঠকে তিনি ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন, দেশের মানুষের শ্রদ্ধা আছে। সেটাকে আমরা ভাবগাম্ভীর্য রেখে আয়োজন করবো, ইনশাল্লাহ।’’
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে লিভার, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগে গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সে সময় রাষ্টীয়ভাবে তিন দিন এবং দলের পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হয়েছিল। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো সংসদ নির্বাচনে পরাজিত হননি এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলীয় নেতাকর্মী ও অনুসারী হিসেবে তাঁরা চান নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীর এই স্মরণানুষ্ঠান যেন সবার কাছে গ্রহণযোগ্য ও স্মারক হয়ে ওঠে। সোমবারের বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা