
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার জেরে সফিপুর ও মৌচাক এলাকায় কমপক্ষে ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
পরে অন্যান্য কারখানার শ্রমিকরা এতে যোগ দেয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে।
এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছুড়ে। পরে পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এ সময় হাতে লাঠি নিয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিলে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫ কারখানা ছুটি ঘোষণা করে কারখানার কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কালিয়াকৈরের এসেনশিয়াল গার্মেন্টসে আন্দোলন শুরু করে। পরে আশপাশের ১৪-১৫টি কারখানা ছুটি দেওয়া হয়। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে রয়েছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর জন্য চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা