গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে এসব সেবার মাধ্যমে টাকা লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে এসব আর্থিক সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুর ও বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।
সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর আগে শহরের একাধিক স্থানে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জেলার বিভিন্ন থানায় হামলা ও আগুন, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এসব সহিংসতায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।
একের পর এক সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মোবাইল আর্থিক সেবাতেও। মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন লেনদেন, টাকা পাঠানো ও উত্তোলনে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা