চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তার কর্মচারী মো. আলী (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. আলী আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপের পূর্ব বারখাইন এলাকার মৃত মফজল আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি নগরীর চাক্তাই এলাকার এক মুদি দোকান ব্যবসায়ী মো. মোর্শেদ তার কর্মচারী আলীকে ইসলামী ব্যাংক থেকে ২৪ লাখ টাকা তুলে কৃষি ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব দেন। কিন্তু আলী টাকা উত্তোলনের পর তা ব্যাংকে জমা না দিয়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ব্যবসায়ী মোর্শেদ বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে।
বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকার মোল্লা টুকু মিয়ার বাড়ি থেকে আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আত্মসাতের ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আত্মসাত করা টাকার একটি অংশ দিয়ে কেনা দেড় লাখ টাকা মূল্যের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা