মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ফরম নেওয়ার পরপরই দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।
“এই আসন এখন আমার দখলে”— আত্মবিশ্বাসী হাসনাত আবদুল্লাহ
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন,
“অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতব না। আমি আজ কুমিল্লা-৪ আসনের মনোনয়ন ফরম নিয়ে প্রমাণ করলাম—এই আসন এখন আমার দখলে, ইনশাআল্লাহ আমি জনগণের ভোটেই জয়ী হবো।”
তাঁর বক্তব্যে ছিল তৃণমূল জনতার প্রতি আস্থা, রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার এবং নতুন নেতৃত্ব গড়ার প্রত্যয়।
জন্মদিনে নতুন পথচলা
উল্লেখযোগ্যভাবে, ১৯৯৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ যেদিন তিনি মনোনয়ন ফরম নিলেন, সেদিনই তাঁর ২৮তম জন্মদিন।
নিজ জন্মদিনে মনোনয়ন সংগ্রহ করাকে তিনি রাজনৈতিক জীবনের “নতুন অধ্যায়ের সূচনা” বলে মন্তব্য করেন।
কুমিল্লা-৪: গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন
কুমিল্লা-৪ জাতীয় সংসদের ২৫২ নম্বর গুরুত্বপূর্ণ আসন, যা পুরো দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত। দীর্ঘদিন ধরেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে থাকে তিন দলকে ঘিরে—
বিএনপি: প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী
জামায়াতে ইসলাম: প্রার্থী সাইফুল ইসলাম শহীদ
এনসিপি: মনোনয়নের দৌড়ে এখন এগিয়ে হাসনাত আবদুল্লাহ
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপির শাপলা কলি প্রতীক পাওয়ার পর দেবিদ্বারে তরুণদের নেতৃত্বে নতুন উন্মাদনা তৈরি হয়েছে।তাদের মতে, হাসনাত আবদুল্লাহর মনোনয়ন নেয়া নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।
জনগণের সেবা ও উন্নয়ন—মূল প্রতিশ্রুতি
মনোনয়ন নেওয়ার পর হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বারের দীর্ঘদিনের অবহেলিত সেক্টরগুলোতে উন্নয়ন, যুবসমাজকে সংগঠিত করা, মাদকমুক্ত সমাজ, এবং শিক্ষাখাতে বৈপ্লবিক উদ্যোগ—এগুলোই তাঁর অগ্রাধিকার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা