ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী ও সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য আজগর আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া খাতুন ও হুমায়ুন কবীর। এ ছাড়া হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ফয়সাল মুকুট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। এ সময় দুই শতাধিক মাঠকর্মীসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে হাসপাতালের সেবামূলক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, ঝিকরগাছার মতো মফস্বল এলাকায় আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুবিধা নিশ্চিত করা ইসলামিয়া হাসপাতালের অন্যতম প্রধান লক্ষ্য।
হাসপাতালটিতে আধুনিক বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা হাসপাতালের কার্যক্রম ও চিকিৎসকসেবা চালু রাখার মাধ্যমে স্থানীয় মানুষের জরুরি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো সাধারণ, মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। চিকিৎসাসেবা যেন শুধু বড় শহরকেন্দ্রিক না হয়ে মফস্বল এলাকার মানুষের কাছেও সহজলভ্য হয়, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ইসলামিয়া হাসপাতাল ঝিকরগাছা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের।
সেবাই হোক অঙ্গীকার—এই প্রত্যয়কে সামনে রেখে ইসলামিয়া হাসপাতালের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন নতুন সম্ভাবনা, মানবিক চিকিৎসাসেবা এবং মানুষের পাশে থাকার প্রত্যাশাকে আরও জোরালো করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা