ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিকরগাছা উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকার মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস পরিদর্শনকালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল তৈরি করতে দেখা যায়। তেল উৎপাদনে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। পাশাপাশি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে অভিযান চালিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন বিপুল পরিমাণ শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া প্যাকেটজাত শিশুখাদ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে একই আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মনিটরিং টিমের উপস্থিতিতে মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন এবং দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা