ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় ছেলের নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার জেরে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।
১৭ নভেম্বর ( মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান তার বাবা ইউনুস আলী। এ সময় তিনি প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রধান শিক্ষকের কক্ষে ঘটে যাওয়া ঘটনার দৃশ্য দেখা যায়। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরও এক ব্যক্তিকেও সেখানে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইউনুস আলীকে আটক করে।
এদিকে, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ১৮ নভেম্বর ( বুধবার) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা