
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরত অভিবাসী কর্মীদের টেকসই পুনঃএকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে পটগান প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দালালের প্রলোভনে না পড়ে সরকারি নিয়ম মেনে বৈধ প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে। সঠিক তথ্য জেনে, নিবন্ধন সম্পন্ন করে এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি অনেকাংশে কমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, স্পোর্টস ক্লাবের সেক্রেটারি শাহাজাহান আলী, ক্রিকেট একাডেমির সেক্রেটারি হাবিবুল বাশার, ব্র্যাকের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ (RAISE) প্রকল্প ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতাধীন ‘প্রত্যাশা-২’ প্রকল্পের যৌথ উদ্যোগে এ ধরনের লোকজ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
এর আগে একইদিন বিকালে উপজেলার বাঁকড়া বাজারে পৃথক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা