
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শারদীয় দুর্গাপূজা দেখতে বের হন সাধন কুমার। পথে তাঁদের বহনকারী ভ্যানের সঙ্গে গরুবোঝাই একটি নসিমনের সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় সাধন কুমার ও তাঁর স্ত্রী আহত হন। এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমনচালককে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
শারদীয় দুর্গাপূজা দেখতে গিয়ে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সাধন কুমারের পরিবার। মর্মান্তিক এ দুর্ঘটনায় মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা