ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক মাদ্রাসা ছাত্রসহ তিন জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন ঘোড়দাহ গ্রামের ওসমানের ছেলে হাসিব (১৮), আকবর আলীর ছেলে রায়হান (১৯) এবং কায়েমকোলা গ্রামের হাতেম আলীর ছেলে ও স্থানীয় দাখিল মাদ্রাসার ছাত্র তানজিম (১৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে হাসিব ও রায়হান মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময় তানজিম পায়ে হেঁটে তার মাদ্রাসার দিকে যাচ্ছিল। কায়েমকোলা পুরাতন মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী তানজিমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই জন এবং পথচারী কিশোরসহ তিন জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন।
ঝিকরগাছা থানা পুলিশকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা