মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মো. আবুল কালাম সরকার (৫০) উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি দেবিদ্বার চানমিয়া মার্কেটের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের পাণ্ডব সরকার বাড়িতে। তিনি ইদ্রিস সরকারের ছেলে এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকারের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে নিজ এলাকা বুড়িরপাড় বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে মো. আবুল কালাম সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক—এমন তথ্য সঠিক নয় বলে দাবি করেন। তিনি একজন ব্যবসায়ী হিসেবে জীবিকা নির্বাহ করেন এবং গত কয়েক বছরে ইউছুফপুর ও শালঘর এলাকায় তার যাতায়াত ছিল না বলে জানান।
তার দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজে তাকে দেখানো হয়েছে। অথচ তার মতো অনেক ব্যক্তি সৌদি আরব ও কাতারে অবস্থান করেও দেবিদ্বারের রাজপথে সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হিসেবে ভিডিও ফুটেজে রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাক্ষ্য-প্রমাণ এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা