
মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির পৃথক সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম ইরার গাড়ি অবরুদ্ধ করা হয় এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীদের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার দেবিদ্বার পৌর এলাকার নিউমার্কেট চত্বরের রহমুনিয়া সুপারমার্কেট এলাকায় স্থানীয় বিএনপির একটি পক্ষ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম ইরা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল রহমান লিটন, সাবেক ছাত্রদল নেতা এম এ আবদুল আউয়াল খান এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম।
অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা। মিছিলটি নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে পুলিশি বাধা পেরিয়ে এমএ সরকারি কলেজ রোডের দিকে যেতে থাকে।
উপজেলা বিএনপির সমাবেশ ও মিছিল শেষে সংসদ সদস্য রাশেদা বেগম ইরার গাড়িবহর কলেজ রোড ও চান্দিনা সড়ক অতিক্রমের সময় মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা গাড়ি অবরুদ্ধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব তারেক মুন্সীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে একপর্যায়ে গাড়িবহরের পেছনে থাকা ঢাকার গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেমের এ সিদ্ধান্তের পর থেকেই মুন্সীর অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঢাকার গুলশান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান অভিযোগ করে বলেন, সমাবেশ ও মিছিল শেষ করে সংসদ সদস্য রাশেদা বেগম ইরাকে তাঁর গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। এমএ সরকারি কলেজ রোড পার হওয়ার সময় মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারীরা মিছিল নিয়ে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশি সহায়তায় ইরাকে তাঁর গাড়িতে তুলে দেওয়া সম্ভব হলেও পেছনে থাকা তাঁর গাড়িটি ভাঙচুর করা হয়। তিনি বিষয়টি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছেন। তাঁদের পরামর্শে উসকানিদাতা ও জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলেও জানান।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম ইরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল। অন্য পক্ষও আলাদাভাবে একই অনুষ্ঠান পালন করে। তিনি সেখানে দাওয়াতপ্রাপ্ত ছিলেন না। তাঁর ভাষ্য, গাড়িবহর নিয়ে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় এবং পরে তাঁর গাড়ির পেছনে থাকা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মঞ্জুরুল আহসান মুন্সীর অনুসারী এ কে এম তারেক মুন্সী বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে সমাবেশ ও মিছিল করেছেন। অন্যপক্ষ মিছিল শেষে ফেরার পথে তাঁদের গাড়ি দেখে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে সংসদ সদস্য ইরার গাড়ির সামনে নিয়ে নেতাকর্মীদের সরিয়ে গাড়ি নিরাপদে বের করে দেওয়া হয়। এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে তিনি সেখানে ছিলেন না।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ওনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি সামনে পড়েছিল। পরে একটু বাধা সৃষ্টি হয়। পুলিশ ধাক্কা দিয়ে নেতাকর্মীদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয়। এম এ আউয়াল খানের গাড়ির সামনে ধাক্কা দেওয়ায় গ্লাস ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা