রাসেল হোসাইন,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসার ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে আট জনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একজন ঢামেকে ভর্তি এবং আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। দগ্ধ আসমা ও সালমা মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা প্রথমে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগেছে বলে ধারণা করলেও পরীক্ষা-নিরীক্ষা করে ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজটি পরীক্ষা করেছেন। দেখা যায়, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ফলে ফেটে গেছে। ওই বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয় এবং এতে পরিবারের সদস্যরা দগ্ধ হন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা