
মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, অভিযুক্ত স্বামী পলাতক,
আজ (২৪শে সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় উষা রাণী দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহত উষা রাণী দেবনাথ কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ার মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম নারায়ণ দেবনাথ। তিনি বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বর্তমানে কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আজম মৃধা জানান,
বৃহস্পতিবার সকালে তিনি খবর পান যে মনোরঞ্জন দেবনাথের ঘরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি উষা রাণী দেবনাথের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি নাসিরনগর থানার ওসিকে ফোনে বিষয়টি জানান। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আজম মৃধা বলেন,
আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই। আমি শুনেছি অভিযুক্ত স্বামী একজন মাদকাসক্ত ব্যক্তি। আমি মাদকের বিরুদ্ধেও সরকার ও প্রশাসনের কঠোর অবস্থান দেখতে চাই। মাদকের করাল থাবা আমাদের যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে।
পরিবারও স্থানীয় এলাকাবাসীর দাবি,
অভিযুক্ত নারায়ণ দেবনাথ একজন মাদকাসক্ত ছিলেন এবং অনেক সময় সে তার স্ত্রীকে মারধর ও করতেন এবং অনেক সময় তাঁকে মাতাল অবস্থায় রাস্তাঘাটে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার এস আই মাহবুব বলেন,
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত বা মেডিকেল রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি সাংবাদিককে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা