
মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে নাসিরনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা যুবদল।
নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে গণবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের স্থানীয় কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলেজ মোড়ে শহীদ ইমরান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে তারা সমাবেশ করে।
নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তি সমাবেশে উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ বলেন,
“তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, আছে, আর ভবিষ্যতে থাকবে।”
তিনি আরো বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে আমরা যুবদল তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।”
সাধারণ সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়—সেই লক্ষ্যেই আমরা মাঠে আছি।
আয়োজিত সমাবেশে নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর ২৪৩ সংসদীয় আসনের এমপি এম এ হান্নান মহোদয় এবং উপজেলা যুবদল সভাপতি মোঃ জামাল আহমেদ ভাইয়ের দিকনির্দেশনায় নাসিরনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।”
উপজেলা যুবদলের সহ- সভাপতি আব্দুল কাদের সেন্টু বলেন, “আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, সংঘাত চাই না। আমরা চাই মানুষ নিরাপদে চলাফেরা করুক, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে আমরা রাজপথে থেকে তার বিরুদ্ধে সোচ্চার থাকব, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেব।”
এ সময় সমাবেশে দায়িত্বশীল নেতারা - সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নাসিরনগর উপজেলায় কোনো অপশক্তিকে সাধারণ মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণের পাশে থেকে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত থাকবে।”
মিছিলে অংশগ্রহণকারীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে যুবদলের পাশাপাশি ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা