শাহরিয়ার খান নাফিজ,বানিয়াচং (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বড়বাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পাশেই গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। প্রতিদিন এখানে ফেলা হচ্ছে পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট ও নানান রকম বর্জ্য। এতে এলাকাটি শুধু নোংরা হয়ে পড়েনি, বরং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দুর্গন্ধে দূষিত হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “স্মৃতিসৌধের মতো পবিত্র স্থানের পাশে এমন নোংরামি মানা যায় না। বিশেষ করে সকালে বা বিকেলে হাঁটতে গেলে নাকে রুমাল চেপে চলতে হয়।” এলাকাবাসী ও কিছু রেস্তোরাঁ ব্যবসায়ী এখানেই নিয়মিতভাবে ময়লা ফেলে যাচ্ছেন। অথচ এটি উপজেলার এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন ও জনসমাগমস্থল।
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলছেন, এই অবস্থায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। ময়লা অপসারণ না করলে এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অনেকেই বলছেন, ব্যানার টানিয়ে নিষেধ করে দায় সারা হয়, কিন্তু নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম দেখা যায় না।
পরিবেশবিদরা মনে করেন, এমন গুরুত্বপূর্ণ স্থানের আশপাশে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক উদ্যোগ জরুরি। অন্যথায়, একদিকে পরিবেশ নষ্ট হবে, অন্যদিকে শহীদদের প্রতি অসম্মান প্রদর্শিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা