মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় গভীর রাতে বসতঘরের দরজা ভেঙে ঢুকে এক যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি ঘটে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে রামপাশা ইউনিয়নের চক রামপ্রসাদ (লামারচক) গ্রামে যুবলীগ কর্মী আব্দুস শহীদের বাড়িতে।
রোববার (২৭ জুলাই) বিকেলে ওই যুবলীগ কর্মীর স্ত্রী বাদী হয়ে বিশ্বনাথ থানায় তিনজনের নাম উল্লেখসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন—আজিজনগর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে তোরণ মিয়া (৩১), চক রামপ্রসাদ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫) ও মৃত ইছমত উল্লার ছেলে আলতাবুর রহমান (৪০)। আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, রাতের আঁধারে সন্তাদের সঙ্গে ঘুমিয়ে থাকার সময় অভিযুক্তরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পূর্বেও রাস্তায় দেখে অশালীন মন্তব্য করত এবং বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত।
অভিযুক্ত আলতাবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে না।”
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগী ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। অধিকতর তদন্তে প্রকৃত তথ্য উদঘাটন সম্ভব হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা