
মাসুদ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ)‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাঁর পক্ষে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তা।
এ ছাড়া অনুষ্ঠানে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আদাচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের রিয়ামনি খাতুন ও লামিয়া খাতুন রিয়া প্রথম স্থান অর্জন করে। একই ক্লাবের ফারহানা খাতুন ও নুরি খাতুন দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক দৌলতপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের ললিতা কর্মকার ও বৈশাখী সাহা তৃতীয় স্থান অর্জন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা পরিবার ও সমাজের বোঝা নন; বরং পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা, প্রশাসন, চিকিৎসা, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাঁদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই কন্যাশিশুদের অবহেলা না করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উপযুক্ত সুযোগ ও পরিবেশ পেলে কন্যাশিশুরাও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা