আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক বেচাকেনার সময় ইয়াবাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাঙ্গাটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (৩২), একই গ্রামের সাদেম মিয়ার ছেলে ইমন (২১) এবং সাতমোড়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে এএসআই মো. শামীম আহমেদসহ সঙ্গীয় ফোর্স গাঙ্গাটিয়া গ্রামের সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বেচাকেনার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের দেহ ও আশপাশে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুরাদনগর থানা পুলিশের একের পর এক অভিযানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানাচ্ছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা