ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় নির্মানাধীন একটি বহুতল ভবনের ছয়তলার কার্নিশ ধসে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নির্মানকর্মী নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুর জেলার প্রকৌশলী আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জের নির্মানশ্রমিক নুরু (৪৫)।
তারা ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভেলপার কোম্পানির তত্ত্বাবধানে সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিল সংলগ্ন নির্মানাধীন ১০ তলা ভবনে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছয়তলায় কাজ করার সময় হঠাৎ করেই একটি কার্নিশ ভেঙে নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পরপরই যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, “ভবন নির্মানে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভবনটি দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণভাবে নির্মান হচ্ছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মানকাজ চলছিল, ফলে পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ছিল।
আজকের এই দুর্ঘটনার পর সার্কিট হাউজপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা