ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলার ৮২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭১টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবার গ্রহণ করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫৩টি কেন্দ্রকে সাধারণ এবং ৭১টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এবারের নির্বাচনে জেলার সব ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে সংযুক্ত থাকবে আধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’। এর মাধ্যমে ভোটকেন্দ্রের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ ও নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, ভোটকেন্দ্রে যেতে অক্ষম ও বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ৩০ হাজার ২২৮টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৪৮টি আবেদন বাতিল করা হয়।
ফলে অবশিষ্ট ৩০ হাজার ১৮০ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এসব ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৬৪৩ জন এবং নারী ভোটার ৫ হাজার ৫৩৭ জন।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যশোরে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা