মোঃ ইমরান,রাংগামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বরকল উপজেলাধীন ছোট হরিণা বাজার ১২ বিজিবি কর্তৃক, সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় হরিণা জোন (১২ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) হরিণা জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যাটালিয়ন সদর এলাকায় এ মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, আর্টিলারি।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় হরিণা জোনের অন্তর্ভুক্ত ভূষণছড়া ও বড়হরিণা ইউনিয়নের ২টি মসজিদ ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের বসতবাড়ী মেরামতের জন্য ঢেউটিন, সোলার প্যানেল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) বিতরণ করা হয়। ভূষণছড়া মুসলিমপাড়া জামে মসজিদে একটি মাইক সেট প্রদান করা হয় এবং স্থানীয় শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধির জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সর্বমোট ১,০৫,০০০ টাকার অধিক অনুদান বিতরণ করা হয়। এতে উপকৃত হয় মোট ২১টি পরিবার, যার মধ্যে ১০টি বাঙালি ও ১১টি উপজাতি পরিবার। উপকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মোট ৩টি (মসজিদ ২টি ও বিদ্যালয় ১টি)।
স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা