নাফিজ আহমেদঃ রাজবাড়ীর পাংশায় মাঠে কাজ করতে গিয়ে
বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন উপজেলার কাছারিপাড়া গ্রামের মৃত নিজাম প্রামাণিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তামিম মোল্লা (১৫)। এ ঘটনায় আহতরা হলেন কাছারিপাড়া গ্রামের মৃত নিজাম প্রামাণিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী আজিম প্রামাণিক, হাফিজুল প্রামাণিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা। আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বজ্রপাতে নিহত ও আহতরা নিকটাত্মীয় এবং প্রতিবেশী ছিলেন।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাছারিপাড়া নওলামারী খাপালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দারদা বলেন, শনিবার বিকাল থেকে ওই নারী ও কিশোর পাট ধোয়ার কাজ করছিলেন। সাড়ে ৬টার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ৫ জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।
ইউএনও আরও বলেন, মৃত্যুর ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা