
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ মাঠজুড়ে সবুজের সমারোহ। শিমগাছের পাতার ফাঁকে ফুটেছে সাদা ফুল, কোথাও ঝুলছে কচি শিম। অনুকূল আবহাওয়া আর বাজারে ভালো দাম—দুইয়ে মিলিয়ে চলতি মৌসুমে শিম চাষে আশার আলো দেখছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষকেরা।
উপজেলায় এবার প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যা কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, ফলন বাড়াতে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা।
জগদীশপুর এলাকার শিমচাষি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম এভাবে ভালো থাকলে এ মৌসুমে শিম চাষে লাভের মুখ দেখার আশা করছেন তিনি।কৃষকেরা জানান, শিম চাষে বীজ, সার, শ্রমিক ও পরিচর্যায় উল্লেখযোগ্য খরচ হয়। ফলে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি উৎপাদিত শিমের ন্যায্যমূল্য পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর স্থিতিশীল থাকলে এ বছর ভালো আয় হওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে শিমের আবাদ হয়েছে। কৃষকদের মধ্যে এ ফসল চাষে আগ্রহ বাড়ছে। সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণ করা গেলে ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা