
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সভাপতিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
সে অনুযায়ী এ দায়িত্বে যোগ দিতে হলে তাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব ছাড়তে হবে।
নতুন দায়িত্বের ব্যাপারে শিবা শানু বলেন, “আমি এখনো এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানি না। জেনে মন্তব্য করতে পারব।”
খল অভিনেতা শিবা শানু এ দায়িত্ব নিলে তিনি শাওয়াল খানমের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এ দায়িত্ব পালন করেন।
দুই দশকের ক্যারিয়ারে শিবা শানু পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় আসেন তিনি।
শুরুতে অন্য চরিত্রে অভিনয় করলেও খল অভিনেতা হিসেবে দর্শকপ্রিয়তা পান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা