রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শেরপুরের তিনটি আসনেরই প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মনোনয়ন পেয়েছেন তিন বারের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ।
দলীয় সূত্রে জানা যায়, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক তিনবারের সাংসদ ছিলেন মো. মাহমুদুল হক রুবেল । তিনি একাধারে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা আনন্দ মিছিলও করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা।
শেরপুর-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল বলেন, 'আমাকে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞ।
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলার সঙ্গে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।'
তিনি আরও বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো, নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবো। বিভেদ নয় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে সবার সহযোগিতা চাই। আমার সাথে যাঁরা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাঁদের সবাইকে সাথে নিয়েই নির্বাচন করবো ইনশাআল্লাহ।'
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা