রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীবরদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী শহরের মথুরাদী হাজী সোলায়মানের ধানের খলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শ্রীবরদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মুহাঃ আলবেরুনী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সব সময় দেশের সংকটময় পরিস্থিতি উত্তরণে ভূমিকা রেখেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বিএনপিকে ফ্যাসিবাদবিরোধী একমাত্র দল আখ্যায়িত করে বলেন, বিএনপিকে নিয়ে একটি মহল চক্রান্ত চালাচ্ছে। কোনো নেতাকর্মী যেন এ ধরনের চক্রান্তকারীদের আশ্রয়-প্রশ্রয় না দেয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মুহাঃ আলবেরুনী বলেন, 'আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী। তারেক রহমানের নির্দেশে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
তিনি আরও বলেন, 'রাজনীতিতে আমাদের মধ্যে মত থাকবে আবার মতপার্থক্যও থাকবে। তবে আমাদের মধ্যে হিংসা থাকবেনা, থাকবে প্রতিযোগিতা। দিনশেষে আমরা সবাই জিয়াউর রহমানের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের নেতা।'
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবিএম শামীম কবির, উপজেলা শ্রমিকদলের সভাপতি শহীদুর রহমান শহীদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাবিব সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয় এবং পরিশেষে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা