মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা জেলা (উত্তর) প্রতিনিধিঃ
“সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে বিচক্ষণ হতে হবে। কারণ সাংবাদিকরা জাতির বিবেক, গণতন্ত্রের চোখ।” – এমন মন্তব্য করেছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত খান।
গতকাল শনিবার (২৩ আগস্ট) দেবিদ্বার পৌর এলাকার স্থানীয় ‘ডায়না রেস্তোরাঁয়’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল গৌরব-ঐতিহ্য-সংগ্রামের শাশ্বত প্রতীক দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদযাপন প্রস্তুতি পরিষদের পরিচিতি সভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং দেবিদ্বার পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলামকে দেয়া বিদায় সংবর্ধনা।
ইউএনও আবুল হাসনাত খান আরও বলেন, “সাংবাদিকদের অনৈক্য, বিভক্তি, আপোষকামীতা ও রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে সাংবাদিকতার মর্যাদা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তবে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সংগ্রামী পথচলার ৪৫ বছর পূর্তি নিঃসন্দেহে স্থানীয় সাংবাদিকদের জন্য গৌরবের।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। সঞ্চালনা করেন আব্দুল আউয়াল ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ খোকন।
বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যাপক আবু হানিফ, সাবেক অধ্যক্ষ, সুজাত আলী সরকারি কলেজ
মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মো. ছিদ্দিকুর রহমান আমিন
ইঞ্জিনিয়ার মাহবুব আলম ভূঁইয়া
এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক মো. ময়নাল হোসেন, আক্তার হোসেন, এটিএম সাইফুল ইসলাম মাসুম, শফিউল আলম রাজীব প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের জানুয়ারি মাসে আয়োজিতব্য দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৭ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন এবিএম আতিকুর রহমান বাশার এবং সদস্য সচিব মো. এনামুল হক। একই সঙ্গে বিভিন্ন উপ-কমিটির নামও ঘোষণা করা হয়।
সভায় প্রয়াত প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা