মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধ :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ ও শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় ৩ জনকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর থানার রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকা মহানগরীর লালবাগ এলাকার তাহমিনা আক্তার (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই তিন ব্যক্তি স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিতে যান। এসময় তারা পুষ্পস্তবকের সাথে A-4 সাইজের কাগজে লেখা ‘নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ সংবলিত একটি স্টিকার সাঁটিয়ে দেন। বিষয়টি উপস্থিত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা বর্তমানে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন।
আশুলিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃতদের রাজনৈতিক পরিচয় এবং এই ঘটনার পেছনে আর কারও উস্কানি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা