
মোঃ শফিক সোহেল,সাভার প্রতিনিধি:সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি দল মাইক্রোবাসযোগে এসে ঝটিকা মিছিল করার প্রস্তুতির সময় ৭ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি ও একটি ব্যানার জব্দ করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকার চৌধুরী পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু (৩৯), যুবলীগকর্মী, আনোয়ার হোসেন (৫০), কৃষকলীগের সদস্য, রুহুল আমিন রাজীব (৩৮), যুবলীগকর্মী, মোঃ আরিফুল হোসেন (২৫), যুবলীগকর্মী, মোহাম্মদ আলী (৩৫), যুবলীগকর্মী, মোঃ মুরাদ হোসেন (৪৪), যুবলীগকর্মী এবং শেখ তুহিন (৩৩), সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে আনুমানিক ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী তিনটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে এসে সরকারবিরোধী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে সাভার মডেল থানার ডিউটিরত অফিসার ও পুলিশ ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি মাইক্রোবাস দ্রুত পালিয়ে গেলেও একটি মাইক্রোবাসসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি ও ১টি ব্যানার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রবিবার সন্ধ্যায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা