মোঃ শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর, সাভার প্রতিনিধি :সাভারে দুই বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৬ দফার দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় তারা খাগান- বিরুলিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আজ ( ০১ নভেম্বর) সকালে ১১টার দিকে খাগান বাজার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় হামলার ঘটনায় ইউজিসির ভূমিকা নিয়ে সন্দেহজনক বলে অভিযোগ করে বক্তারা অবিলম্বে টালবাহানা না করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। এ সময় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নানারকম প্লে-কার্ড ঝুলিয়ে শ্লোগান দিতে থাকে।
এই বিক্ষোভ ও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ঘন্টাখানেক পর বিক্ষোভ ও মানববন্ধন শেষ হলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
উল্লেখ্য গত রবিবার ২৬ অক্টোবর থুতু দেওয়াকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাতে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে হামলা, ভাংচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। উভয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও পরিবেশ এখন রয়েছে থমথমে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা