ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে শামীম তালুকদার লাবু (জিপ গাড়ী) প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শনিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম নির্বাচিত হওয়ার তথ্য জানান।
তিনি জানান, জিপ গাড়ী প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহাম্মদ শওকত আলী সেলিম ৩৪, মোটরসাইকেল প্রতীকে আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতীকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচিত করেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম (ইলেক্ট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বর, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে ভোটারা। ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আব্দুল লতিফ বিশ্বাস। তার পদত্যাগে পদটি শূন্য হয়।
প্রসঙ্গত, শামীম তালুকদার লাবু জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, ভাষা সৈনিক মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ ছেলে ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরির স্বামী।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা