সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। এর আগেও দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এসআরবি-১২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ আভিযানিক দল শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যায়ন একাডেমি নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন।
এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, রাজিব এর আগেও একইভাবে তার দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিব হোসেনকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা