মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু ঘটিয়ে পলাতক থাকা ঘাতক বাসচালককে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতার হওয়া চালকের নাম জাকির আলম (৩৫), তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের আব্দুল আলীর পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, ৬ আগস্ট বুধবার দুপুরে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একটি পাকা রাস্তায় সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশা (রেজিঃ নং- থ-১১-১৪২৬) এবং সিলেটগামী বাস (রেজিঃ নং- সিলেট-ব-১১-০১১১) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী (১৯) এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)। এছাড়াও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৯)-কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে সিএনজি চালক ও অজ্ঞাত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই বাসচালক জাকির আলম পালিয়ে যায়। তবে র্যাব-৯ এর সদর কোম্পানি ও সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ আগস্ট রাতে বিশ্বনাথ থানাধীন লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাত ৮ আগস্ট, শুক্রবার ঠিক ১২টার দিকে তার গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা