
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:"এটাই হয়তো আমার শেষ বার্তা, আমার হাতে অন্য কোনো অপশন নেই শুধু মৃত্যু ছাড়া..."—ফেসবুক ও রুমে বিষাদগ্রস্ত ও আশঙ্কাজনক এমন সুইসাইড নোট রেখে নিখোঁজ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ মোহাইমিনুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের এবং মীর মশাররফ হোসেন হলের এ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
রোববার (১১ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ০৮ মিনিটে মোহাইমিনুলকে হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়। এরপর থেকেই তাঁর মোবাইল বন্ধ রয়েছে এবং পরিবারের সদস্য বা সহপাঠীরা তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না। পরবর্তীতে তাঁর আবাসিক কক্ষে চাঞ্চল্যকর একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটটিতে শিক্ষক ও বিভাগীয় প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন মোহাইমিনুল। তিনি লেখেন, "বাবা-মার অবর্তমানে ক্যাম্পাসের রানিং স্টুডেন্টদের শ্রেষ্ঠ অভিভাবক হলো শিক্ষক। কিন্তু যারা নিজেরাই ভালো বাবা-মা হতে পারে নাই তারা আবার শিক্ষক। ৬ মাস নাটক করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমাকে।" তিনি আরও উল্লেখ করেন, "আমার লাশটা পাইলে টুকরা টুকরা করে তাদেরকে ইকুয়্যালি ভাগ করে দিও প্রিয় ক্লাসমেটরা।" শেষাংশে তাঁর কিছু দেনা-পাওনার হিসাব অপর একটি কাগজে লেখা আছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার তীব্রতা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। পাশাপাশি বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে অবগত করা হয়েছে। এছাড়া সুইসাইড নোটে উল্লিখিত শিক্ষক ও বিভাগের অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল হালিম জানান, শিক্ষার্থীকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো হৃদয়বান ব্যক্তি বা সহপাঠী তাঁর সন্ধান পেয়ে থাকলে প্রক্টর অথবা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ মোহাইমিনুল ইসলামের স্থায়ী ঠিকানা জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরা বাড়ি এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ রবিউল হাসান
অনলাইন ইনচার্জঃ কবির মাহমুদ
অফিসঃ ফায়েনাজ টাওয়ার, ৮/এ,কালভার্ট রোড,পুরানা পল্টন, ঢাকা