
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা,যশোর,প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যের মান নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নাভারণ বাজারে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ক্রেতাদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় নাভারণ বাজারের মেসার্স আলভি স্টোর ও মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত পদ্ধতিতে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে নাভারণ ডেয়ারি নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের দুটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালিত হবে।
Leave a Reply