
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা, যশোর, প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বসতপুর সেবা সংঘ।
রবিবার (২২ মার্চ) বসতপুর হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মহসীন কবির।
ক্যাম্পে বসতপুর গ্রামেরই কৃতী পাঁচজন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে সেবা প্রদান করেন। তারা হলেন— ডা. মোঃ নাসিম জামান (রিফাত), ডা. মোঃ শাকিল হুসাইন, ডা. মোঃ শরিফুল ইসলাম, ডা. ফাতেমা-তুজ-জোহরা লাকি এবং ডা. আজিমুজ সাদাত। বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয় সেখানে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পার্শ্ববর্তী ৪ থেকে ৫টি গ্রামের প্রায় ৪ শতাধিক রোগী এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সেবাগ্রহীতারা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
বসতপুর সেবা সংঘের সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রামের পিছিয়ে থাকা অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
Leave a Reply