
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক মো. লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পূবালী ব্যাংক সংলগ্ন সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও দৈনিক রূপসী বাংলার উপজেলা প্রতিনিধি মো. এমরান হোসেন বাপ্পির সভাপতিত্বে এবং সমিতির সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর এবং এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. মনোয়ার হোসেন এবং চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন নয়ন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র জনসমক্ষে তুলে ধরে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন পেশাদার সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তারা অবিলম্বে সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান মিনু, সাংবাদিক ইয়াছিন ভূঁইয়া, আতাউর রহমান রিপন, মো. মাইন উদ্দীন মাসুদ, মো. মাছুম, আশিকুর রহমান মজুমদার, এম এ নোমান, সাইদুল হক, আবদুর রহিম মজুমদার সোহেল, সাকিবুল হাসান মিয়াজী, মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply