
রাংগামাটি প্রতিনিধিঃ রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদ।
১৯৮৪ সালে স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হলেও দীর্ঘ প্রায় চার দশক পর ২০২২ সালে কার্যক্রম চালু হয়। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতি, চিকিৎসক ও নার্সের অভাব, এবং অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নয়টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ। এলাকাবাসী কার্যকর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
অত্যন্ত দুর্গম এই এলাকায় সামান্য অসুস্থতাতেও রোগীদেরকে রাঙ্গামাটি জেলায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে রিয়া মনি নামে এক গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় চিকিৎসা না পাওয়ায় মারা যান। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনসাধারণ।
এলাকাবাসীর দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চালু করা এবং ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় ২০ নভেম্বর ২০২৫ ইং তারিখে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদ।
সভায় সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও মোঃ কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. সুলতান আহমেদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম, ভূষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আয়ুব আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বেলাল হোসেন, বরকল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাফর হোসেন, সুনেন্দ্র চাকমা কারবারি, প্রদীপ চাকমা ও সোজারাম চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও বছরের পর বছর এই স্বাস্থ্য কেন্দ্রটি কাগজে-কলমে চালু দেখানো হলেও জনগণ কোনো সেবা পাচ্ছে না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গণআন্দোলনের মুখে পড়বে প্রশাসন।”
Leave a Reply